Saturday, 3 September 2022

দেবীদ্বারে সোনালী আউশে হাসছে মাঠ- হাসছে কৃষক


কুমিল্লার দেবীদ্বারে এখন মাঠে মাঠে চলছে আউশ ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। মৌসুমজুড়ে আবহাওয়া অনুক‚লে থাকায় এবং রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় আপতকালীন ফসল আউশ ধানের বাম্পার ফলন হয়েছে এবার। এদিকে আউশের ভালো ফলন ও ভালো বাজারদর পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আউশ ধান চাষের খরচ বোরো ধান চাষের চেয়ে অনেক কম। সরকারিভাবে সার ও বীজে প্রণোদনাও দেওয়া হয়। বর্তমানে বাজারে ধানের ভালো দাম থাকায় এবং বেশি দামে খড় বিক্রির কারণে আউশের আবাদে কৃষকের আগ্রহ বাড়ছে।

দেবীদ্বার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় স‚ত্র জানায়, এবার ১২১০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। চাষিরা বিআর-২৬, ব্রি-২৮, ৪৮, ৫৮, ৯৬, বিনাধান-১৯ ও হাইব্রিড ধান হীরা, ইস্পাহানি, সিনজেনটা জাতের ধানের চাষ করেন।

এবার উপজেলার ২০০০ কৃষককে আউশ চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজধান, ২০ কেজি ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) ও ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার পেয়েছেন।


উপজেলার দেবীদ্বার পৌর এলাকা, ফতেহাবাদ, গুনাইঘর, সুবিল, জাফরগঞ্জ ও ভানী ইউনিয়নের কয়েকটি এলাকায় সরেজমিন দেখা গেছে, মাঠ জুড়ে সোনালী আউশ ধান দোলছে ভাদ্রের মৃদু হাওয়ায়। কোথাও কোথাও ধান কাটা, আঁটি বাঁধা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকেরা। অনেক কৃষক খেতের পাশের উঁচু জায়গায় ধান মাড়াইয়ের কাজ করছেন। অনেকে পাকা সড়কের ওপর মাড়াই করা ধান ও খড় শুকাচ্ছেন।

ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের কৃষক মফিজুল ইসলাম বলেন, ‘আউশ ধানে খরচ বোরো ধানের চেয়ে অনেক কম। এবার আমি ৭২ শতক জমিতে সরকারী প্রণোদনায় ব্রি-৯৬ জাতের ধান চাষ করেছি। ধানের ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি, ৩৫ থেকে ৪০ মণ ধান পাব।’


আউশ চাষি মোতালেব হোসেন বলেন, ‘আউশ ধানে খরচ বোরো ধানের প্রায় অর্ধেক। ধানের ফলন এবার ভালো হয়েছে। বাজারে মোটা ধান প্রতিমণ ৯৫০ থেকে ৯৬০ টাকা এবং চিকন ধান ১ হাজার থেকে ১১০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।’

দেবীদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রৌফ বলেন, এ সময়টাতে উপজেলার অধিকাংশ জমি অনাবাদি থাকত। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার ও বীজসহ প্রণোদনার ব্যাবস্থা করেছি। মাঠ দিবস, উঠান বৈঠক, প্রশিক্ষণসহ বিভিন্ন ভাবে কৃষকদের উৎসাহ দিয়েছি। এতে আউশ ধানের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেচ নির্ভর বোরো আবাদের পর বৃষ্টির পানিতে আউশ আবাদ করে কৃষক ভালো ফলন পাচ্ছে।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.