Tuesday, 21 February 2023

দেবীদ্বার উপজেলা আ’লীগের কমিটির দ্বন্দ্ব প্রকাশ্যে! ২১’র প্রথম প্রহর ছিল আ’লীগের দু’গ্রুপের চরম উত্তেজনা-আতঙ্কে; ককটেল বিস্ফোরণ । ফুল দিতে যেয়ে এমপি গ্রুপের হামলায় রোশন গ্রুপের ১২ নেতা-কর্মী আহত; মাথা ফাটিয়ে ও পা’ ভেঙ্গে ৪ নেতাকে পাঠাল হাসপাতাল


কুমিল্লার দেবীদ্বারে মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০/১২ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের দেবীদ্বার ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটে ২০ ফেব্রুয়ারী (সোমবার) দিবাগত মধ্যরাতে। 

প্রত্যক্ষ দর্শিরা জানান, রাজী মোহাম্মদ ফখরুল এমপির সমর্থকরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সমর্থকদের শহীদ মিনারের বেদীমূলে আসতে প্রতিরোধ তৈরী করে রাখে। তারা সন্ধ্যা থেকেই বিভিন্ন দেশীয় মরনাস্ত্র নিয়ে পথে পথে অবস্থান নেয়। রাত পৌনে একটার দিকে রোশন আলী মাষ্টার জেলা ও উপজেলার নবগঠিত কমিটির একাংশের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারের দিকে রওয়ানা হলে-কলেজ রোডে উঠার পরই প্রতিপক্ষের প্রতিরোধের সম্মূক্ষিণ ও বাকতিন্ডায় জড়িয়ে পড়েন। পূর্ব থেকে মোতায়েন থাকা বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন এবং প্রতিরোধ ভেঙ্গে রোশন আলী মাষ্টার ও তার সমর্থকদের পুলিশের সহযোগীতায় শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। প্রতিপক্ষরা রোশন আলী মাষ্টারের সমর্থকদের হাত থেকে আ’লীগ উপজেলা কমিটির নামের তৈরী পুষ্পস্তবকটি ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে দেয়। একই সময় বিভিন্ন ছাদের উপর থেকে বৃষ্টির ন্যায় ইটপাটকেল ছুড়লে এতে অন্তত ১০- ১২ জন আহত হন। 

আহতদের মধ্যে মারাত্মক আহত দেবীদ্বার উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. সামসুল হক, উপজেলা কমিটির উপদেষ্টা সৈয়দ আলী মাস্টার, সমর্থক মো. আলী আশরাফ, শেখ মো. সাফিন কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সৈয়দ আলী মাস্টার মাথায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পা’ ভাঙ্গা সামসুল হককে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে, আলী আশরাফ ও সাফিনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল বলেন, জেলা উপজেলা আ’লীগের নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার পথে চান্দিনা রোডের মাথায় এমপি সমর্থক সাইফুল ইসলাম শামিম, ইকবাল হোসেন রুবেল, সাদ্দাম হোসেন ও জহিরের নেতৃত্বে বাঁধার সম্মূখীন হন। এসময় এমপি সমর্থকরা বিভিন্ন দেশীয় মরনাস্ত্র নিয়ে হামলা চালায় এবং তারা পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপে করে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মীর মাথা ফাটিয়ে ও পা’ ভেঙ্গে দেয়। যারা আমাদের র‌্যালীতে বাঁধা এবং হামলা করেছে তারা ‘জয়বাংলা ধানের শীষের’ মানে এমপির লোক। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেও তারা বাঁধা দিয়ে ধৃষ্ঠতা দেখিয়েছে।  

এমপি সমর্থক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী ও প্রভাষক সাইফুল ইসলাম শামিম বলেন, আমাদের নেতৃত্বে রোশন আলী মাষ্টার গ্রæপের উপর হামলার ঘটনা সত্য নয়, পদবঞ্চিত নেতা-কর্মীরা জেলা কমিটি কর্তৃক স্থগিত করা উপজেলা আ’লীগের কমিটির ব্যানারে শহীদ মিনারে যেতে বাঁধা দেয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, যা নিরসনে আমরা এগিয়ে গেছি। এসময় বিক্ষুবদ্ধ পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। 

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আমরা আগে থেকেই শহীদ মিনারে ফুল দিতে আসা নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষের আশংকা করেছিলাম। তাই শহীদ মিনার ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এমপি সাহেব এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আগে ফুল দেয়ার আয়োজন করি এবং কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার ও উপজেলা আ’লীগ এক ঘন্টা পরে আসার অনুরোধ করি।  কিন্ত পথিমধ্যে এরকম অনাকাঙ্খিত ঘটনা হবে তার প্রস্তুত ছিলাম না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চান্দিনা রোডের মাথায়ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখি। ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হওয়ার সংবাদ পেলেও বড়ধরনের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.