নির্বাচন পরবর্তী সহিংসতা
দেবীদ্বারের সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম পঙ্গু হাসপাতালে স্থানান্তর
কুমিল্লার দেবীদ্বারের সেচ্ছাসেবকলীগ নেতা শামিমকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে বেধরক মারধর ও হাত-পা ভেঙ্গে অচেতন অবস্থায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার বাগুর ষ্ট্যাশনে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত সোয়া ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে।
আহত সেচ্ছাসেবকলীগ নেতা শামীম (৩৫) দেবীদ্বার উপজেলার ১৫ নং বরকামতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক ও বাগুর গ্রামের পশ্চিমপাড়ার এজলু মিয়ার পুত্র। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রাথী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক ছিলেন।
তাকে গত রাতেই চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সোয়া ৮টায় চান্দিনা মহিলা কলেজের সামনে অবস্থানরত সেচ্ছাসেবকলীগ নেতা শামিমকে প্রথমে ২টি মোটর সাইকেল যোগে ৫ জন যুবক এসে অবরোধ করে। এসময় একটি সাদা রং-এর প্রাইভেটকার এনে তাতে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক তাকে তুলে নিয়ে নিয়ে যায়। রাত প্রায় সাড়ে ৯টায় হাত-পা ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার বাগুর ষ্ট্যাশনে ফেলে যায়। স্থানীয়রা তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শামিমের ভাই নাজমুল জানান, অভিযোগ দায়েরে আমরা বিব্রতবোধ করছি। অপহরণ ও মারধরের ঘটনাস্থল চান্দিনা, দেবীদ্বার, বুড়িচং এবং কুমিল্লা কোতয়ালী থানা। কোন থানা মামলা নেবে এ বিষয়ে থানা পুলিশের ধাক্কা ধাক্কী চলছে। অবশ্য আহত শামিম ভাইকে চান্দিনা হাসপাতালে দেখতে দেবীদ্বার থানার ওসি এবং চান্দিনা থানার সেকেন্ড অফিসার এসেছিলেন।
দেবীদ্বার উপজেলার ১৫নং বরকামতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহত শামিম জানায় ঘটনার দিন রাতে আমি চান্দিনা মহিলা কলেজের সামনে অবস্থান করছিলাম। এসময় ২টি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকারে করে ৭/৮ জনের সংঘবদ্ধ একটি দুষ্কৃতিকারীদল আমাকে জোরপূর্ব প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। ওরা প্রথমে আমাকে কুমিল্লা সদর উপজেলার কালাকচুয়া নিয়ে বেধরক মারধর করে। পরে সেখান থেকে বুড়িচং উপজেলার কোরপাই কোল্ডষ্টোরেজের পেছনের জমিতে ফেলে পিটিয়ে একটি হাত ও দু’পা’ ভেঙ্গে ফেলে। পরে বাগুর ষ্ট্যাশনে ফেলে যায়। কারোর সাথে আমার কোন শত্রæতা ছিলনা। আমি গত সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে কাজ করেছিলাম। কারা হামলা করেছে বা তাদের চেনেন কি না তা জানতে চাইলে তিনি জানান, আমি তাদের চিনি, তারা হলেন- কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যান্টের সালাউদ্দিন, দাউকান্দির গৌরীপুরের রাজু, কুমিল্লা দিঘিরপাড়ের বাপ্পী, দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের সাগর, নবিয়াবাদ গ্রামের শরীফসহ ৭/৮ জন। তিনি আরো জানান আজ অথবা কাল তার দু’পায়ের দুই হাটু ও হাতের কনুইর মেজর অপারেশন হবে।
এ ব্যপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান বলেন, আহত ব্যক্তি এবং হামলাকারী দেবীদ্বার থানার তাই মামলা দেবীদ্বার হবে। চান্দিনা থানায় মামলা করতে আসলেও আমরা মামলা নেব।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, শামিমকে তুলে নিয়ে মারধর করেছে চান্দিনা থানা এলাকা থেকে, মামলা চান্দিনাই হবে। যদি দেবীদ্বারে মামলা করতে আসে আমরা মামলা নেব, তদন্তের স্বার্থে ওই মামলা চান্দিনা থানায় হস্তান্তর করব।
.jpg)